চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় তার দুই পা ও এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোরশেদ আলম পরিবারের সদস্যদের সঙ্গে দোহাজারী রেলস্টেশন এলাকায় টিকটক ভিডিও তৈরি করছিলেন। এ সময় একটি পিডিবির শান্টিং ট্রেন পেছন থেকে সামনে দিকে পুশিং করে যাচ্ছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার সাইরেন ও হর্ন বাজাচ্ছিলেন।


তবে রেললাইনের ওপর পরিবারের সদস্যদের সঙ্গে টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত থাকায় মোরশেদ আলম ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ট্রেনের হর্ন ও সাইরেনের দিকে খেয়াল করেননি। ট্রেনটি হর্ন বাজাতে বাজাতে একেবারে কাছে চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার বিস্তারিত ও আহত যুবকের বর্তমান অবস্থা নিশ্চিত করেছেন দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ এবং দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ)।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024