প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলার বগাডুবি ব্রিজ সংলগ্ন সড়কের দুই পাশে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। 


কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিল সোনে, ব্র্যাক, টিএমএসএস, কারিতাস, কম্পেশন, এসআইএল, আশা, বুরো বাংলাদেশ, সেবা, পিদিম, আরডিএস, শাহওয়ালী উল্ল্যাহ, স্বাবলম্বী উন্নয়ন সংস্থা, পিসিডিপি, নূরা হেলথ, ডেমিয়েন ফাউন্ডেশন, উদ্দীপন এসএসএস, দুঃস্থ এইডসহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা।


কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ অংশ নেন।


বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বলেন, “জিও-এনজিওর মেলবন্ধনে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের এ উদ্যোগ আরও বেগবান হবে। গাছ একটা বীমা, গাছ একটা বড় বিনিয়োগ। আজ যে গাছ রোপণ করা হচ্ছে, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার ভিত্তি হিসেবে কাজ করবে।” তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের আহ্বান জানান।


আয়োজকরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024