|
Date: 2026-07-18 18:29:31 |
মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া থানার পুলিশ কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শুক্রবার দিবাগত রাতে ঘুমের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা দায়িত্ব পালনের জন্য তার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা থানার পুলিশ কোয়ার্টারে তার কক্ষে যান। পরে দরজা খুলে নিজ বিছানায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়।
জানা গেছে, মো. আজিজুল হক লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। প্রায় ৩২ বছরের চাকরিজীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আকস্মিক মৃত্যুতে লোহাগাড়া থানা পুলিশসহ সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শনিবার লোহাগাড়া থানা প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, লোহাগাড়া থানার অফিসার ও ফোর্সের সদস্য সহ সাংবাদিক, জনসাধারণ অংশ নেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
© Deshchitro 2024