নাগেশ্বরীতে মাদকের টাকা না পেয়ে মায়ের বসতবাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই মাদকাসক্ত ছেলে মোঃ মিজানুর রহমান শামিম (৪২)-কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই চন্দন কুমার ঘোষ অত্যন্ত তৎপরতার সাথে 'সিনেমাটিক কায়দায়' অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করেন।

​নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল্লাহিল জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই চন্দন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ ফুলবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

​এর আগে গত ১৬ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৫টার সময় নাগেশ্বরী পৌরসভার বলদিটারী গ্রামে এই নৃশংস অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মাদকের টাকা না পেয়ে অভিযুক্ত শামিম ধারালো অস্ত্র নিয়ে তার বৃদ্ধা মায়ের শয়নকক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের আসবাবপত্রসহ ব্যবসায়িক মালামাল পুড়ে ছাই হয়ে যায় এবং আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

​এই ঘটনায় ভুক্তভোগী মা মোছাঃ আফরোজা বেগম (৬৫) বাদী হয়ে নাগেশ্বরী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছিলেন। এজাহারে তিনি উল্লেখ করেন, মিজানুর রহমান শামিম দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন নেশাজাতীয় মাদকদ্রব্য সেবন করে আসছিলেন। মাদকের টাকার জন্য তিনি ঘরের জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার চুরি করতেন এবং এর আগে গত ২ জুলাই তারিখে ছোট ভাই মোস্তাফিজার রহমান শাকিলকে এন্টিকাটার দিয়ে গলা কেটে হত্যার চেষ্টাও করেছিলেন।

​মামলার তদন্তকারী কর্মকর্তার এমন সাহসী ও নাটকীয় অভিযানে ক্ষিপ্রগতির এই মাদকাসক্ত আসামি গ্রেফতার হওয়ায় ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024