রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে জব্দ করা কারেন্ট জাল ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে ভ্রাম্যমাণ আদালত আদেশ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, "অবৈধ কারেন্ট জাল ব্যবহার দেশের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের জালের মাধ্যমে ছোট মাছ ও পোনা নির্বিচারে নিধন হওয়ায় জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়। জনস্বার্থে ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।" এ বিষয়ে র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, "র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।"
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024