কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার আসামিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সাঁড়াশি অভিযানে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত এক আসামি এবং স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সকাল ৯টার পর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে কালিগঞ্জ থানার একটি দল উপজেলার বাঁশতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম (৪৭) ওরফে **‘ডাকাত নুরুল’**কে গ্রেপ্তার করে। তিনি উপজেলার বন্দকাটি গ্রামের আরশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ১৩ জুন কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার (মামলা নং-১৫, তারিখ: ১৩/০৬/২০২৬) এজাহারভুক্ত ৮ নম্বর আসামি নুরুল ইসলাম। এ ছাড়া তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও সহিংসতার একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অপরদিকে, একই দিন সকাল ৯টার পর কালিগঞ্জ থানার আরেকটি দল উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে মো. সজিব হোসেনকে (৩৮) গ্রেপ্তার করে। তিনি হাড়দ্দাহ গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।

পুলিশের দাবি, সজিব হোসেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য এবং কালিগঞ্জ উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম ও আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশের বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024