|
Date: 2026-07-13 08:45:21 |
পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মিনার হোসেন খান, পলাশ - নরসিংদী
নরসিংদীর পলাশে বিশ্ব জনসংখ্যা দিবস - ২০২৬ উপলক্ষে “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, স্বাস্থ্যবান করি; আজকের প্রস্তুতিই সুন্দর আগামীর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই ২০২৬ রোজ রবিবার পলাশ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিন মাশরুর খান।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিত পরিবার গঠন, মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়ন এবং তরুণদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ, সমৃদ্ধ ও টেকসই সমাজ গড়ে তোলা সম্ভব। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসান উল্লাহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব জনসংখ্যা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা শেষে দিবসটির প্রতিপাদ্য বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
© Deshchitro 2024