|
Date: 2026-07-08 14:32:48 |
শেরপুর শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে শহরের খোয়াড়পাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানও পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) জেলা প্রশাসনের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শেরপুর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিনে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ ও শেরপুর পৌরসভার সহযোগিতায় শহরের খোয়াড়পাড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থায়ী ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়। এর ফলে সড়কের দখলমুক্ত পরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি যান ও পথচারীদের চলাচল সহজ হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আইনশৃঙ্খলা বজায় রাখা, সুষ্ঠু বাজারব্যবস্থা নিশ্চিত করা এবং সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
© Deshchitro 2024