|
Date: 2026-07-07 14:50:29 |
বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিভাবান নারী খেলোয়াড়দের উৎসাহিত করতে শেরপুরে দুইজন সম্ভাবনাময় তরুণী ফুটবলারের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দুইজন প্রতিভাবান ও সম্ভাবনাময় তরুণী ফুটবলারের হাতে দুটি বাইসাইকেল তুলে দেওয়া হয়। এ সময় তারা বাল্যবিবাহকে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সর্বোচ্চ নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে ক্রীড়াঙ্গনে সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন বলেন, নারীদের শিক্ষা ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি উপস্থিত অতিথিদের প্রতিভাবান ও উদ্যমী নারী খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জেলা প্রশাসন, শেরপুর ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠিটি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে জেলা প্রশাসনের একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে উপস্থিত অতিথিরা অভিমত ব্যক্ত করেন।
© Deshchitro 2024