|
Date: 2026-06-26 19:24:58 |
ঝিনাইদহের শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
'আগামীর শৈলকুপা' সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় টুর্নামেন্টের সার্বিক বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।
উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।
সভায় জানানো হয়, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে শৈলকুপা পৌরসভাসহ উপজেলার ১৪টি ইউনিয়নের একটি করে মোট ১৫টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট চলাকালীন সময়ে মাঠের শৃঙ্খলা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাবেক কৃতি ফুটবলার এবং পৌরসভাসহ ১৪টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে আমন্ত্রিত অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ টুর্নামেন্টের সম্ভাব্য ভেন্যু হিসেবে শৈলকুপা সরকারি কলেজ মাঠ ও শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠটি সরেজমিনে পরিদর্শন করেন।
© Deshchitro 2024