|
Date: 2026-06-24 17:05:29 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উচ্চফলনশীল (উফশী) রোপা আমন ধানের বীজ, হাইব্রিড কাঁচা মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জুন) উপজেলা কৃষি অফিস চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. ফরহাদ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী তৌহিদুর রহমান এবং সদস্য সচিব লুৎফর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়িত এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা প্রদান এবং খরিপ মৌসুমে অধিক জমিতে আবাদ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৮০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উচ্চফলনশীল আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়া ৭০ জন কৃষকের মাঝে হাইব্রিড কাঁচা মরিচ চাষের জন্য ১০ গ্রাম বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১২০ টাকা মূল্যের বালাইনাশক প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্য বাস্তবায়নে কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও এসব উদ্যোগ কার্যকর।
© Deshchitro 2024