গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া মদিনাতুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী রাজু হাসানের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বুধবার (২৪ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করে। পরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাবলু মৃধা। সভাপতিত্ব করেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ফজলুল হক বেপারী। অনুষ্ঠান পরিচালনা করেন গোয়ালন্দ ইয়ুথ অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি ও গোয়ালন্দ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন (বিএডিসি) এর সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ, দৌলতদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহাগ, মাদ্রাসার প্রধান শিক্ষক আরিফা আক্তার সেতু, গোয়ালন্দ বাজারের পুস্তক ব্যবসায়ী ও রফিক লাইব্রেরির স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম, ব্যবসায়ী ও সমাজসেবক টিটু শেখ, মাছেম শেখ, তরুণ সমাজসেবক মজনু মৃধা, জনি সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা এবং অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। যুক্তরাজ্য প্রবাসী রাজু হাসান মুঠোফোনে দেওয়া বক্তব্যে বলেন, “খেলাধুলা পড়াশোনার একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তাই পড়ালেখার পাশাপাশি তাদের খেলাধুলায় উৎসাহিত করতে আমার এ ক্ষুদ্র উদ্যোগ।” তিনি আরও বলেন, “নেশা ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখে। আমি সবসময় সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চাই।” এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024