লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পাটোয়ারী রাস্তা থেকে খাঁসেরহাট পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের দীর্ঘদিনের বেহাল দশায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, সড়কজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো পানি ও কাদার আস্তরণে ঢেকে যায়, যা ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের ভয়াবহ অবস্থার চিত্র স্পষ্টভাবে দৃশ্যমান, যেখানে রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্তে পানি জমে কর্দমাক্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কটির এই নাজুক অবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা, রিকশা বা ভ্যান চলাচলও প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার পথে দীর্ঘ যানজট বা দুর্ঘটনার কবলে পড়তে হয়। পণ্যবাহী যানবাহন চলাচল করতে গিয়ে মাঝপথে আটকা পড়ায় স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে হিমশিম খাচ্ছেন।

স্থানীয় এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার বা পুনর্নির্মাণ করা প্রয়োজন। তারা দ্রুত এই জনদুর্ভোগ নিরসনে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024