পলাশে ছোট তারগাঁও সর: প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত


‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি



‎            নরসিংদীর পলাশে ছোট তারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।


‎                          ২২শে জুন ২০২৬ রোজ সোমবার ছোট তারগাঁও বিদ্যালয় মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর  পরিবেশে নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২ টায় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে সভার মূল কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে প্রধান শিক্ষক মামুন ফেরদৌস নবগঠিত পরিচালনা কমিটির সকল সদস্যকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন এবং উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।


‎                                প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশ উপজেলার সিনিয়র সহ-সভাপতি  এডভোকেট জসীমউদ্দিন মৃধা।তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটি শিশুর প্রাতিষ্ঠানিক শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ের হাত ধরে। এটি কেবল চার দেয়ালের একটি ক্লাসরুম নয়, বরং শিশুর ভবিষ্যৎ জীবন, নৈতিকতা এবং মেধা বিকাশের প্রথম ও প্রধান ভিত্তিপ্রস্তর।  শিশুরা কাদামাটির মতো। তাদের যেমন আকার দেওয়া হবে, তারা ঠিক তেমনই গড়ে উঠবে। তাই তাদের মানুষের মতো মানুষ করে  গড়ে তোলা আমাদের দায়িত্ব। কমিটি গঠন করা হয়েছে শুধু চা পান খেয়ে গল্প করে সময় কাটানোর জন্য নয়,সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে সকল কার্য সম্পাদন করার জন্য।


‎                      ছোট তারগাঁও প্রাথমিক বিদ্যালয়ের  নবগঠিত কমিটির সভাপতি, অমিত কবির প্রান্ত তাঁর বক্তৃতায় বলেন, প্রতিটি শিশুই এক একটি সম্ভাবনার বীজ।সেই দিক বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা  কেবল পুঁথিগত বিদ্যা নয়, তারা শিশুদের মানবিক গুণাবলি, সহানুভূতি এবং শিশুদের অন্তরে সততার বীজ বুনতে যেনো সক্ষম হোন। তিনি আরো জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয়কে অত্র এলাকার একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।


‎                            মুক্ত আলোচনায় অভিভাবক ও শিক্ষকরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। পরিচালনা কমিটির সদস্যরা বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান বৃদ্ধি ও বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার বিষয়ে কমিটির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সময় বিদ্যালয়ের সন্মানিত শিক্ষক - শিক্ষিকা, অভিভাবক প্রতিনিধি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


‎            প্রধান শিক্ষক মহোদয়ের ধন্যবাদ জ্ঞাপন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে এক দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024