বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজ ও দেশের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পরিচয় দিতে হবে। সাহসিকতার সাথে আমানতদারীরা, ত্যাগের মানসিকতা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া ও সাংগঠনিক শৃংখলা রক্ষায় আপোষহীন থাকতে হবে। শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীলদের সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ডা. তাহের আরও বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও সুন্দর ও শান্তির চৌদ্দগ্রাম বিনির্মাণে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জমায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইনের পরিচালনায় হোটেল ডলি রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন মজুমদার, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমীরবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক দায়িত্বশীল।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024