|
Date: 2026-06-15 12:45:37 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা গত রোববার (১৪ জুন) দিবাগত রাতে উপজেলার আলমপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আলমপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে মিরাজ উদ্দিন (৭০), একই গ্রামের মৃত রমজানের ছেলে ফরিদ উদ্দিন (৫০), মৃত রমণীকান্তের ছেলে শ্রী নির্মল (৪৫), পাঠানপাড়া গ্রামের বাচ্চুর ছেলে বিজয় (৩২) এবং আমানিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০)।
গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে মিরাজ উদ্দিন ও ফরিদ উদ্দিনকে ৫ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড, শ্রী নির্মলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং বিজয় ও আবু বক্কর সিদ্দিককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রউফ। সোমবার (১৫ জুন) সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, মাদকমুক্ত ক্ষেতলাল গড়ে তুলতে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক সেবন, ক্রয়-বিক্রয় কিংবা এ-সংক্রান্ত যেকোনো অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের সহযোগিতায় এ অভিযান নিয়মিত চলবে।
© Deshchitro 2024