পরিবেশ রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাগেশ্বরী উত্তর সাথী শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ করেন।

​বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল হামিদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হক।

​কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগেশ্বরী উত্তর সাথী শাখার বর্তমান সভাপতি মোঃ সজিব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ জেলাল উদ্দিনসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর দেশ গড়তে বেশি বেশি গাছ লাগানো এখন সময়ের দাবি। তারা কেবল নিজেরা গাছ লাগিয়েই ক্ষান্ত হননি, বরং সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।

​কর্মসূচি শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024