|
Date: 2026-06-05 00:48:01 |
বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সাঁওতাল তরুণ ফিলিমন হেমব্রমের ওপর বর্বরচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৩:০০ ঘটিকায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে 'দিনাজপুর জেলার ১৩ উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ'।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আদিবাসী নেতৃবৃন্দ প্রধানত দুটি দাবি উত্থাপন করেন:
১. ফিলিমন হেমব্রমের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
২. আদিবাসী জনগোষ্ঠীর জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিমনের ওপর যে নৃশংস হামলা চালানো হয়েছে তা অত্যন্ত বর্বরচিত। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার না করা হলে আদিবাসী সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বক্তারা জেলার সর্বস্তরের আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত হয়ে এই নৃশংস ঘটনার তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেন।
© Deshchitro 2024