শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাদক সেবনের দায়ে আরিফ নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার একটি এলাকায় পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে তাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইন অনুযায়ী তাকে কারাদণ্ড প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও মো. আল-আমীন বলেন, “মাদকের সঙ্গে কোনো ধরনের আপোষ নয়। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”


তিনি আরও জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024