|
Date: 2026-05-29 22:58:22 |
ঈদুল আযহা উপলক্ষে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি প্রতিরোধে ২৯ মে শুক্রবার শেরপুর জেলার বিভিন্ন উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে একাধিক মামলায় অর্থদণ্ড প্রদান করা হয় এবং চালক ও মালিকদের সতর্ক করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার খোয়ারপাড়ে শ্রীবরদী, বকশিগঞ্জ ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ড এবং বটতলার নালিতাবাড়ী সিএনজি স্ট্যান্ডে পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নবীনগর বাস স্ট্যান্ড, ময়মনসিংহ ও জামালপুর সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আরও ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় যাত্রী হয়রানি না করতে চালকদের সতর্ক করা হয়।
নালিতাবাড়ী উপজেলায় নকলা সিএনজি স্টেশন ও ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৩টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া গরুহাটি বাইপাস এলাকায় তল্লাশিকালে ৪ বোতল মদ ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।
শ্রীবরদী উপজেলায় সিএনজি, অটোরিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় পর্যবেক্ষণ করা হয়। অতিরিক্ত আদায়কৃত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয় এবং ১টি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে চালক ও যাত্রীদের সচেতন করা হয়।
নকলা উপজেলার হলপট্টি মোড় ও নকলা উত্তর বাজার মোড়ে সিএনজি ও ঢাকা থেকে আগত বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং করা হয়। যাত্রী ভোগান্তি রোধে চালকদের সতর্ক করা হয়।
ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে উপজেলায় বাস, সিএনজি ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় ৯টি মামলায় মোট ৪ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি চালক ও যাত্রীদের সচেতন করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024