|
Date: 2026-05-22 00:37:27 |
ফেনী ইউনিভার্সিটির পুরকৌশল (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিভাগের ২৯তম ব্যাচের (ডিএইচ) শিক্ষার্থীদের চূড়ান্ত থিসিস ও প্রজেক্ট ডিফেন্স (CE-400 ও CE-402) সম্পন্ন হয়েছে।
গতকাল ২১ মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সি-৩০৪ নম্বর কক্ষে সম্পূর্ণ প্রাতিষ্ঠানিক নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে এই ডিফেন্স সেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। তাঁর দক্ষ নেতৃত্ব ও একাডেমিক নির্দেশনায় অত্যন্ত কঠোর ও উচ্চ একাডেমিক মানদণ্ড বজায় রেখে পুরো সেশনটি পরিচালনা করা হয়।
এবারের ডিফেন্স সেশনে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী সানিয়া ই জাহান এবং মিসকাত আলম তাদের অত্যন্ত সময়োপযোগী ও পরিবেশবান্ধব একটি গবেষণা প্রকল্প সফলভাবে উপস্থাপন ও ডিফেন্ড করেন। তাদের গবেষণার বিষয় ছিল— "Analysis of the efficiency and durability of eco-friendly bricks using plastic waste, Fly ash and sand" (প্লাস্টিক বর্জ্য, ফ্লাই অ্যাশ এবং বালু ব্যবহার করে তৈরি পরিবেশবান্ধব ইটের কার্যকারিতা ও স্থায়িত্ব বিশ্লেষণ)। প্লাস্টিক বর্জ্য ও ফ্লাই অ্যাশ ব্যবহার করে টেকসই নির্মাণ সামগ্রী তৈরির এই উদ্ভাবনী উদ্যোগটি পরীক্ষক পর্ষদের দৃষ্টি আকর্ষণ করেছে।
সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের এই ধরনের গবেষণা কর্ম পরিবেশ সুরক্ষায় ও দেশের টেকসই অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের এই থিসিস মূল্যায়নে গঠিত উচ্চপর্যায়ের পরীক্ষক পর্ষদে সেশন চেয়ার ও অভ্যন্তরীণ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। বহিরাগত সদস্য (External Member) হিসেবে দায়িত্ব পালন করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ইন-চার্জ ডিন ও সহযোগী অধ্যাপক জনাব সোহরাব হোসেন।
এছাড়াও পর্ষদে ছিলেন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের থিসিস তত্ত্বাবধায়ক (Supervisor) সহকারী অধ্যাপক জনাব মো. আলী আকবর, অভ্যন্তরীণ সদস্য জনাব প্রভাষক মো. জোবায়ের আহমেদ এবং আহ্বায়ক (Convener) প্রভাষক জনাব মো. রকিব হাসান।
সফলভাবে এই একাডেমিক মাইলফলক অর্জন করায় পুরকৌশল বিভাগের পক্ষ থেকে গবেষক শিক্ষার্থী সানিয়া ও মিসকাতকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও মূল্যায়নের জন্য পরীক্ষক পর্ষদের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের ভবিষ্যৎ প্রকৌশল জীবনের সাফল্য কামনা করা হয়।
© Deshchitro 2024