|
Date: 2026-05-21 09:12:58 |
আবু তালেব, লালপুর(নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে মোট ৪৫ হাজার ২০৬টি গবাদিপশু। ভালো দামের আশায় শেষ সময়ে এসব পশুর যত্ন ও সঠিক খাদ্য ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় খামারিরা।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, প্রস্তুত পশুর মধ্যে রয়েছে ১৪ হাজার ৪১৫টি ষাঁড়, ১ হাজার ৫৯০টি বলদ, ৫ হাজার ৬৫টি গাভী, ৫৭১টি মহিষ, ২০ হাজার ৭৫৫টি ছাগল এবং ২ হাজার ৮১০টি ভেড়া।
প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে, লালপুরে কোরবানির পশুর চাহিদা প্রায় ৩৬ হাজার। সেই হিসেবে এবার কোনো ঘাটতি নেই, বরং প্রায় ১০ হাজারের বেশি পশু উদ্বৃত্ত রয়েছে। এসব পশু স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।
উপজেলার সন্তোষপুর গ্রামের খামারি মাজদার রহমান জানান, “এ বছর আমার খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের প্রায় ১০টি গরু প্রস্তুত করেছি। ভালো দাম পেলে আশা করছি লাভবান হব।”
অন্যদিকে মহারাজপুর গ্রামের খামারি আল-আমিন বলেন, “গমের ভুষি, খৈল ও খড়সহ পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামার পরিচালনায় চাপ বেড়েছে। তারপরও ভালো দাম ও অনুকূল আবহাওয়া থাকলে লাভের আশা করছি।”
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ বলেন, “লালপুরে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু রয়েছে। খামারিরা ইতোমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পশু সরবরাহ শুরু করেছেন। বাজার স্থিতিশীল থাকলে খামারিরা ভালো লাভ পাবেন বলে আশা করছি।”
© Deshchitro 2024