|
Date: 2026-05-21 07:04:20 |
স্বপ্ন যদি থাকে দৃঢ়, পরিশ্রম যদি হয় অবিরাম, আর আধুনিক প্রযুক্তিকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়— তাহলে কৃষিও হতে পারে সফলতার সবচেয়ে বড় গল্প। আর সেই গল্পেরই জীবন্ত উদাহরণ অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের সফল কৃষক বুলবুল গাজী।
মাত্র আড়াই বিঘা জমিতে প্রায় ৩ লক্ষ টাকা ব্যয়ে গ্রীনসেটের মাধ্যমে আধুনিক গ্রীন হাউজ তৈরি করে শুরু করেন খিরে চাষ। সম্পূর্ণ মালচিং পদ্ধতি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার করে তিনি এখন প্রতিদিন প্রায় ৩০ মন খিরে বিক্রি করছেন। তার এই অসাধারণ সাফল্যে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন।
চলমান মাত্র ৫ দিনেই খিরেই বিক্রি করে আয় করেছেন প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। বুলবুল গাজীর আশা, পুরো মৌসুম শেষে এই খিরে চাষ থেকেই তিনি ১২ থেকে ১৪ লক্ষ টাকা লাভ করতে পারবেন। তার এই সফলতা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি এখন অভয়নগরের কৃষকদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বুলবুল গাজী শুধুমাত্র প্রচলিত কৃষিকাজেই সীমাবদ্ধ থাকেননি। তিনি দীর্ঘদিন ধরে ইউটিউব ও প্রযুক্তির মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। সেই জ্ঞান কাজে লাগিয়ে কখনো বরই, কখনো বেগুন, কখনো ঝাল মরিচ, আবার কখনো খিরে চাষ করে একের পর এক সফলতা অর্জন করেছেন। নতুন নতুন ফসল উৎপাদনের মাধ্যমে তিনি গ্রামে তৈরি করেছেন অনন্য দৃষ্টান্ত।
তার চাষের জমিতে গেলেই চোখে পড়ে সবুজে ঘেরা পরিপাটি গ্রীন হাউজ, পরিচ্ছন্ন পরিচর্যা আর পরিশ্রমের ছাপ। সঙ্গে রয়েছে মিশ্র সাথী ফসলের চাষ, স্থানীয় অনেক কৃষক এখন তার খামার দেখতে আসছেন এবং আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে শিখছেন। তরুণদের কাছেও তিনি হয়ে উঠেছেন আত্মবিশ্বাস ও উদ্যোক্তা হওয়ার প্রেরণা।
কৃষি যে শুধু জীবিকা নয়, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির ব্যবহারে এটি হতে পারে লাভজনক ব্যবসা— বুলবুল গাজী তার বাস্তব উদাহরণ। তার এই সাফল্য প্রমাণ করে, ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে গ্রামের মাটিতেই গড়া যায় সফলতার সোনালী ভবিষ্যৎ।
© Deshchitro 2024