|
Date: 2026-05-20 22:55:39 |
জামালপুরের ইসলামপুরে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে রক্ষা হয়নি আসামি বিল্পব শেখের (২৮)। তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
আজ বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মালমারা নয়াপাড়া এলাকায় এঘটনাটি ঘটে। আসামি বিপ্লব শেখ ওই এলাকার মৃত বাহাদুর শেখের ছেলে।
আহতরা হলেন, ইসলামপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মোজাম্মেল হক এবং কনস্টেবল মো. কামরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল মো. কামরুল ইসলামকে সঙ্গে নিয়ে এএসআই মোজাম্মেল হক
নিজ বসতবাড়িকে বিপ্লব শেখকে আটক করতে চেষ্টা চালায়। এসময় বিপ্লব শেখ পুলিশের ওপর হামলা করে। এক পর্যায়ে এএসআই মোজাম্মেল হকের হাতে কামড় বসিয়ে দেয় বিপ্লব। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিপ্লবকে আটক করে পুলিশ। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে আটক বিপ্লব শেখকে থানায় আনেন।
স্থানীয় বাসিন্দা বেলাল মিয়া, আকবর আলী এবং হেলাল মিয়া বলেন, বিপ্লবসহ তার লোকজন পুলিশকে মারধর করে। পুলিশের হাতে কামড় দিয়েছে বিপ্লব।
ইসলামপুর থানার এএসআই মো. মোজাম্মেল হক বলেন, বিল্পব শেখের বিরুদ্ধে জামালপুর ও শেরপুরের বিভিন্ন থানায় চুরির ঘটনায় সাতটি মামলা রয়েছে। তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিল্পব শেখকে তার বাড়ি আটক করি। এসময় সে পালাতে চেষ্টা করে। তবে ধস্তাধস্তির ঘটনা ঘটলেও আমর তাকে আটক করেছি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী বলেন, আসামির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। আসামিকে থানায় আনা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হবে।
© Deshchitro 2024