জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় হাটে গরু বিক্রির জন্য নিয়ে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটি উল্টে শফিকুল ইসলাম (৪৫) নামের একজন গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

অদ্য ২০ শে মে, বুধবার দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মন্নেরচর এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ গ্রামের আরফান আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন। 

স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম কৃষি কাজ করার পাশাপাশি গরু ব্যাবসার সাথেও জড়িত ছিলেন। বুধবার দুপুরে উপজেলার চর বাহাদুরাবাদ এলাকা থেকে ভটভটিতে গরু বোঝাই করে দেওয়ানগঞ্জ হাটে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন শফিকুল। ইঞ্জিন চালিত ভটভটিটি মন্নেবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে বুক সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান শফিকুল। 

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে গরুগুলো অক্ষত আছে বলে জানান স্থানীয়রা। 

ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024