গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির অভিষেক

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী :

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদ (অ্যাডহক) কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রথম সভা উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। নতুন কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব কামাখ্যা চন্দ্র দাস, যিনি বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। গনিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়। তাঁরা শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং নিরাপদ শিক্ষাঙ্গন গঠনে পরিচালনা কমিটির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জনাব জহির উদ্দিন হারুন। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি সমাজের উন্নয়ন। নতুন কমিটির মাধ্যমে বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নিজাম উদ্দিন। তিনি বিদ্যালয়ের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024