ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার এলাকায় গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. রাজিব মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। 

মঙ্গলবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পিরিজপুর দাখিল মাদরাসা সংলগ্ন দুর্ঘটনাটি ঘটে। নিহত রাজিব মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে।

আহত দুজনের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের রসুলপুর গ্রামে। আহতদেরকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, কটিয়াদী থেকে ভৈরবগামী গরু বোঝাই একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী নসিমনের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পিরিজপুর বাজার বণিক সমিতির সদস্য কবির মিয়া স্থানীয় লোকজনের বরাতে জানান, কটিয়াদী থেকে গরুভর্তি পিকআপটি ভৈরবের একটি হাটে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। পথে দ্রুতগামী একটি খালি নসিমন বা টমটমের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটির অবস্থা গুরুতর হওয়ায় মালিকের অনুমতিতে সেগুলো জবাই করা হয়েছে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024