দেশের ৫ জেলার ওপর দিয়ে সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।


দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।


এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।


এ ছাড়া আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024