জামালপুরের বকশীগঞ্জ পৌরস্ট্যান্ড সিন্ডিকেট প্রক্রিয়ায় কম মূল্যে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এনিয়ে কথা বলায় মারধরের শিকার হয়ে পাঁচজনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, যথাযথ নিয়ম মেনেই ইজারা দেওয়া হয়েছে। অন্যদিকে, যাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, 'অযথা অভিযোগ করা হচ্ছে মর্মে তাঁরাও পাল্টা অভিযোগ তোলেছেন।


যাঁদের নামে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, তাঁরা হলেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগরের ছোট ভাই পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, পৌর শহরের সওদাগরপাড়া এলাকার মৃত তাঁরা সওদাগরের ছেলে শাহিন সওদাগর, মৃত লিচু মিয়ার ছেলে আদিল আব্দুল্লাহ, লিটন মিয়ার ছেলে সিমান্ত এবং পিতা অজ্ঞতনামা জুয়েল মিয়া।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে বিকেল ৪টার দিকে পৌর পরিবহন কর আদায় করতে পৌরস্ট্যান্ড এক মাসের জন্য ইজারা দিতে পৌর কার্যালয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করেন পৌর প্রশাসক পদে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা। 

এসময় অন্যদের ইজারার মূল্য ডাকে অংশ নিতে না দিয়ে সাবেক মেয়র নজরুল সওদাগর দুই লাখ ৬৫ হাজার টাকা পৌর প্রশাসকের কাছে জমা দিয়ে পৌরস্ট্যান্ডটি অন্য এক ব্যক্তির নামে লেখায়। পরে ওই ব্যক্তির কাছে সাড়ে পাঁচ লাখ টাকায় পৌরস্ট্যান্ডটির ইজারা বিক্রি করেন তিনি। সিন্ডিকেটের মাধ্যমে কম মূল্যে ইজারা নিয়ে বেশি মূল্যে বিক্রির বিষয়ে কথা বলায় নজরুল সওদাগরসহ তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে শেখ রহমত আলীকে মারধর করে। এ ছাড়া এনিয়ে উচ্চবাচ্য করলে রহমত আলীকে খুন করে লাশ গুম করার হুমকি দেয় তারা।


সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন ঈদুল আজহার উপলক্ষে এলাকায় আগের চেয়ে কয়েক গুণ বেশি পরিবহন চলাচল করবে। এতে পরিবহন করও বেশি আদায় হবে। এসত্ত্বেও নামমাত্র উন্মুক্ত নিলামের নাম ভাঙিয়ে রহস্যজনক কারণে পৌর প্রশাসক আসমা-উল-হুসনা কম মূল্যে পৌরস্ট্যান্ডটি ইজারা দেন।


পৌর কার্যালয় সূত্রেমতে, প্রতি মাসেই নতুন করে পৌরস্ট্যান্ডটি ইজারা দেওয়া হয়। গত ১৪ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত পৌরস্ট্যান্ডটি চার লাখ ২৫ হাজার টাকায় ইজারা ছিলো। এ ছাড়া এর আগের মাসে ইজারা মূল্য ছিলো দুই লাখ ৬৫ হাজার টাকা।


অভিযোগকারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী বলেন, 'অনেক কম মূল্যে পৌরস্ট্যান্ড ইজারা দিয়েছে এসিল্যান্ড। অন্য কাউকে ইজারায় অংশ নিতে না দিয়ে কম মূল্যে ইজারা নিয়ে বেশি টাকায় বিক্রি করেছে সাবেক মেয়র নজরুল সওদাগর। এনিয়ে কথা বললে তিনিসহ তাঁর লোকজন আমাকে মারধর করায় থানায় অভিযোগ দিয়েছি।'


বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বণিক সমিতির সদস্যসচিব সাইফুল ইসলাম শাকিল

তালুকদার বলেন, 'গত মাসের চেয়ে পৌরস্ট্যান্ড এবার কম মূল্য ইজারা দেওয়া হয়েছে। কী কারণে এটা করা হয়েছে, সেটা এসিল্যান্ড জানেন। এনিয়ে শোনেছি মারধরের ঘটনা ঘটেছে।'

পৌর যুবলীগের আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, 'আগামীকে যাতে মেয়র পদে নির্বাচনে অংশ নিতে না পারি, সেজন্যে আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে। ইজারা দিয়েছেন এসিল্যান্ড। এতে আমার দোষ কী? 

পৌরস্ট্যান্ডের নব্য ইজারাদার ও পৌর বিএনপির সহসভাপতি মাসুদ বকশী বলেন, 'সর্বোচ্চ মূল্য দেওয়ায় আমাকে পৌরস্ট্যান্ড ইজারা দিয়েছে। মারধরের ঘটনা ঘটলে, সেটার দায় আমার নয়।

বকশীগঞ্জ থানার ওসি মো. মকবুল হোসেন বলেন, 'মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা মোবাইল ফোনে বলেন, 'নিয়ম অনুযায়ী ইজারা দেওয়া হয়েছে।'


আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অন্য যেকোনো সময়ের চেয়ে কয়েক গুণ বেশি পরিবহন চলাচল করবে। এতে আয়ও বেশি হবার কথা। কিন্তু এবার গত মাসের চেয়ে অনেক কম মূল্যে কেনো পৌরস্ট্যান্ডটি ইজারা দেওয়া হয়েছে; এমন প্রশ্নের জবাব না দিয়ে একটু 'ব্যস্ত আছি' বলে কল কেটে দেন আসমা-উল-হুসনা।




প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024