|
Date: 2026-05-16 20:05:56 |
যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিশাল সংখ্যক নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১৬ মে) চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ৭ নম্বর ওয়ার্ডের মোট ২,০৪২ জন যোগ্য নারী সদস্যের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য (এমপি), জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন জনবান্ধব সরকার দেশের প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী যে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচির সূচনা করেছেন, তা আজ দেশের প্রতিটি প্রান্তে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। এই কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।"
তিনি আরও উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করার ওপর বিশেষ জোর দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২০৪২ জন নারী সদস্যের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হলো। এটি কেবল একটি সরকারি সহায়তা নয়, বরং নারীদের আত্মমর্যাদা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একটি যুগান্তকারী ও মানবিক প্রয়াস।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল ইসলাম সাবু।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কার্ড বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সকাল থেকেই স্থানীয় নারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উপকারভোগী নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগের সুবিধা সরাসরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।
© Deshchitro 2024