রংপুরের পীরগাছা উপজেলা হাজী কল্যাণ সংস্থার নির্মাণাধীন পাঁচ তলা ভবনের প্রথম তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে পীরগাছা সদর ইউনিয়নের এমদাদুল উলুম মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হাজী কল্যাণ সংস্থার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন পবিত্রঝাড় মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুজ্জাহের, পীরগাছা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আনোয়ার উল্যাহ, পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সাবু, ব্যবসায়ী গোঁফরান ভুঁইয়া, আমিনুল ইসলাম রনজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন হাজীরা।

অনুষ্ঠানে বক্তব্যে আফছার আলী বলেন, মরহুম আব্দুল করিম মিঞা হাজী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার জন্য ৫ শতক জমি দান করেছিলেন। সেই দানকৃত জমির ওপরই বর্তমানে ভবনটি নির্মাণ করা হচ্ছে। আজ প্রথম তলার ছাদ ঢালাই সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে সংগঠনের প্রায় ১ হাজার ৮০০ হাজীর সহযোগিতা ও দানকৃত অর্থের মাধ্যমে দ্রুতই পাঁচতলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ভবন নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। তবে সকলের আন্তরিক সহযোগিতা ও আল্লাহর রহমতে অল্প সময়ের মধ্যেই অবশিষ্ট কাজ সম্পন্ন করা যাবে বলে তারা আশাবাদী।

পরে জমিদাতা মরহুম আব্দুল করিম মিঞার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পাওটানা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম মন্ডল।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024