|
Date: 2026-05-08 19:04:01 |
“তরুণদের কণ্ঠে জলবায়ু সচেতনতার জোরালো আহ্বান”-এই প্রত্যয়কে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী বৈশ্বিক জলবায়ু ধর্মঘট বা Global Climate Strike কর্মসূচি। উখিয়া শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে তরুণদের সরব অংশগ্রহণ, পরিবেশ রক্ষার শপথ এবং সচেতনতামূলক নানা কার্যক্রমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
উখিয়ার বিভিন্ন জলবায়ু বিষয়ক সামাজিক, মানবিক, যুব উন্নয়নমূলক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে একত্রিত করে এই আয়োজন বাস্তবায়ন করে ইয়ুথ অর্গনাইজেশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি প্রতিবাদ কর্মসূচি নয়; বরং জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা সৃষ্টি, জ্ঞানচর্চা এবং তরুণদের সম্মিলিত কণ্ঠকে শক্তিশালী করার একটি প্ল্যাটফর্ম।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারী তরুণরা জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ ধ্বংসের ভয়াবহতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর শুধু আন্তর্জাতিক আলোচনার বিষয় নয়; এটি উপকূলীয় ও ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতা।
অনুষ্ঠানে ছিল জলবায়ু বিষয়ক পোস্টার আর্ট প্রতিযোগিতা, জলবায়ু সংক্রান্ত কুইজ প্রতিযোগিতা, ওপেন ভয়েস ও সচেতনতামূলক কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
পোস্টার আর্ট প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা সৃজনশীল উপায়ে পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরেন। অন্যদিকে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ে তরুণদের জ্ঞান বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।
এছাড়াও অংশগ্রহণকারীরা স্থানীয় জলবায়ু সংকট, বন উজাড়, প্লাস্টিক দূষণ, বন্যা ও তাপমাত্রা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন। পরবর্তীতে পরিচ্ছন্নতা অভিযান-এর মাধ্যমে শহীদ মিনার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
বিশ্বব্যাপী চলমান গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে উখিয়ায় প্রথমবারের মতো এমন আয়োজন বাস্তবায়িত হওয়ায় তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে জলবায়ু সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে YOSD-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে তরুণ প্রজন্ম ও প্রান্তিক জনগোষ্ঠী। তাই এখনই সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। তরুণদের নেতৃত্বেই ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
এ সময় হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মাহাবুব কাউসার বলেন, “ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হয়। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সমাজ, দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি নিরাপদ, সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
উখিয়া শহীদ মিনারে অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী আয়োজন তরুণ সমাজের মধ্যে নতুন উদ্দীপনা ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
© Deshchitro 2024