|
Date: 2026-05-04 22:16:58 |
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলঞ্জ গুড়ুরা তেমাথা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ফুলদিঘী বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে রাফিউল ইসলাম (২৮) ও একই এলাকার বুলু মিয়ার ছেলে রিফাত হোসেন (১৯)।
পুলিশ জানায়, ক্ষেতলাল থানাকে মাদকমুক্ত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল ইসলামের নেতৃত্বে এসআই মন্টু রহমান ও এএসআই বেলাল হোসেনসহ পুলিশের একটি চৌকস দল আলমপুর ইউনিয়নের পৌলঞ্জ গুড়ুরা তিনমাথা বটগাছ সংলগ্ন পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই যুবককে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২৯ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দেশচিত্র'কে বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করছি। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ২৯ পিস মাদকদ্রব্যসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত ওষুধটি অত্যন্ত শক্তিশালী নেশাজাতীয় দ্রব্য হিসেবে পরিচিত।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন।
© Deshchitro 2024