|
Date: 2026-05-03 10:42:30 |
পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক ও ট্যাক্সেস বার সভাপতিকে সংবর্ধনা
পিরোজপুরে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. মিজানুর রহমান দুলালকে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) পিরোজপুর কনভেনশন সেন্টারে দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এতে সংগঠনের পরিচালকবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সমাজ ও পেশাজীবীদের সমন্বিত উদ্যোগে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন আরও বেগবান করা সম্ভব। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহসানুল কবীর এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহ-সভাপতি মো. মেহেদী হাসান।
© Deshchitro 2024