|
Date: 2026-04-24 23:13:02 |
সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রাক্কালে প্রায় ৬৩ লক্ষ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ শিউলি আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বিজিবি।
গতকাল বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ভোমরা বিওপির দায়িত্বাধীন বাঁকাল চেকপোস্ট সংলগ্ন আলীপুর এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।
উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশক্রমে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল ঘটনাস্থলে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরবর্তীতে ইজিবাইকযোগে খুলনা মোড় থেকে ভোমরা সীমান্তের দিকে যাওয়ার সময় আলীপুর এলাকা থেকে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিক, সাতক্ষীরা সদর উপজেলার তালতলা গ্রামের মো. জুবায়েরের স্ত্রী মোসা. শিউলী আক্তারকে (২৩) আটক করা হয়।
পরবর্তীতে আটককৃতকে বিজিবির মহিলা সৈনিক দ্বারা তল্লাশি করে তার কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ টাকা।
আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
© Deshchitro 2024