|
Date: 2026-04-24 03:09:20 |
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় (২৩ এপ্রিল) বৃহস্পতিবার রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও অনুসন্ধানী সাংবাদিক, লেখক-কলামিস্ট ও শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)। জিডি নং: ১৩৬২।
জিডিতে উল্লেখ করা হয়, শ্রীমঙ্গল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের বাসিন্দা মৃত ইছাক মিয়ার ছেলে মোঃ আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসান, যার ফেসবুক আইডি (Md. Altafur)। তার নিজ নামীয় ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে সাংবাদিক মো. এহসানুল হক এবং তার শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসত্য তথ্য ও মানহানিকর পোস্ট ছড়াচ্ছেন।
সাংবাদিক এহসান বিন মুজাহির জাতীয় দৈনিক খোলা কাগজ পত্রিকার মৌলভীবাজার জেলার স্টাফ রিপোর্টার, শ্রীমঙ্গল প্রেসক্লাব এর কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোক্তা ও পরিচালকের দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইডাফ এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ইসলামি লেখক ফোরাম বাংলাদেশ, মৌলভীবাজার অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম, ইসলামি যুব মজলিস মৌলভীবাজার, অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) টিআইবি শ্রীমঙ্গল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব পালন করছেন।
জিডির বরাতে এহসান বিন মুজাহির বলেন, 'স্থানীয়ভাবে প্রতারক হিসেবে পরিচিত আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের বিরুদ্ধে পূর্বের একটি প্রতারণা, অনিয়ম এবং দুর্নীতির সংবাদ প্রকাশের পর থেকে আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। Md Altafur নামক ফেসবুক আইডি থেকে আমার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্মানহানিকর, ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে। এর মাধ্যমে আমার পেশাগত জীবন ও সামাজিক অবস্থান ক্ষতির মুখে পড়েছে। এছাড়া আমাকে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলা এবং লাশ গুম এবং আমার পরিবারের সদস্য ও আমার প্রতিষ্ঠান উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হচ্ছে। আলতাফের এসব মানহানিকর পোস্টে এবং হুমকির কারণে আমার ও আমার পরিবার জানমাল নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতারক আলতাফ যেকোনো সময় আমার ও আমার পরিবার এবং আমার প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো জানান, ২০২৫ সালের গত ২৪ অক্টোবর দৈনিক খোলা কাগজ পত্রিকায় 'আলতাফুরের কাছে জিম্মি চার গ্রামের মানুষ' শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আশিদ্রোন ইউনিয়নের চারটি গ্রাম কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশে ভুক্তভোগী মানুষের বক্তব্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে আলতাফুর রহমানের বিরুদ্ধে প্রতারণা, মামলাবাজি, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ তুলে ধরা হয়। এরপর থেকে অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত আক্রোশে ফেসবুকে এবং প্রকাশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মানহানীকর কথাবার্তা এবং অপপ্রচার চালাচ্ছেন। এমনকি সংবাদ প্রকাশের ৬মাস পর মিথ্যা, বানোয়াট এবং হয়রানি মামলায় আসামিও করেছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, সাংবাদিক এহসান এর পক্ষ থেকে ফেসবুকে অসত্য ও মানহানিকর তথ্য প্রচার এবং প্রাণনাশের অভিযোগে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Deshchitro 2024