|
Date: 2026-04-23 17:05:13 |
মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্য দিবালোকে রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর দুইটার সময় শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রকি উপজেলার গন্ডগ্রাম নতুনপাড়া বেলাল হোসেনের ছেলে। এ ছাড়া তিনি এলাকায় ইট-বালু সরবরাহকারী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রকির বিরুদ্ধে একাধিক মামলা আছে। আজ দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল দুর্বৃত্ত রকি নামে ওই যুবককে কুপিয়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
নিহতের বড় ভাই রানা জানান, আমার ভাই ইট বালুর ব্যবসা করত। আজ মোবাইলে কল দিয়ে তাকে বনানী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুরে এলাকার লোকজনের কাছে শুনতে পাই তার লাশ পড়ে আছে। ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকে রকির প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, স্থানীয়দের খবরে আমরা লাশ উদ্ধার করি। নিহতের মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছি। পরে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
© Deshchitro 2024