|
Date: 2026-04-20 17:26:40 |
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-১. আতিকুল ইসলাম (৪০), বাসের সুপারভাইজার। তিনি গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে। ২. মজনু মিয়া (৪৩), বাসের হেলপার। তিনি একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপার মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। উদ্ধারকাজে অংশ নেওয়ার সময় বিদ্যুৎ নামের স্থানীয় এক যুবক মাথায় আঘাত পেয়ে আহত হয়েছেন। এছাড়া বাসের আরও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং ঘাতক বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
© Deshchitro 2024