সাতক্ষীরা জেলায় শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”, যার মাধ্যমে প্রায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা দিতে এ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রাশেদ উদ্দিন এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ রোগ প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। তাই নির্ধারিত বয়সসীমার প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হওয়া জরুরি।

জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার তার বক্তব্যে বলেন, এই ক্যাম্পেইন সফল করতে মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি সকলকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য এ টিকাদান কার্যক্রম ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলবে। পুরো জেলায় ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

এর মধ্যে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, নির্ধারিত বয়সের সব শিশুই এই ক্যাম্পেইনের আওতায় এমআর (হাম-রুবেলা) টিকা গ্রহণ করতে পারবে। এমনকি পূর্বে টিকা নেওয়া থাকলেও বা আগে আক্রান্ত হওয়ার ইতিহাস থাকলেও পুনরায় টিকা নেওয়ার সুযোগ রয়েছে। তবে একাধিক ডোজের ক্ষেত্রে কমপক্ষে ২৮ দিনের ব্যবধান বজায় রাখা আবশ্যক।

সংশ্লিষ্টরা আশা করছেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে সাতক্ষীরা জেলার অধিকাংশ শিশুকে টিকার আওতায় এনে হাম ও রুবেলা রোগ নির্মূলে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন সম্ভব হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024