|
Date: 2026-04-16 23:59:29 |
মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা গ্রামের বাসিন্দা গিয়াস হাওলাদার (৩৫) মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বাংলাদেশ সময় বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হন গিয়াস। পরে সেখানেই তার মৃত্যু হয়। রাত আটটার দিকে তার পরিবারের কাছে মৃত্যুর খবর পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত গিয়াস হাওলাদার উপজেলার কাঁচিকাটা গ্রামের মৃত ওহাব হাওলাদারের ছেলে। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। প্রায় ১০ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।
পরিবার সূত্রে আরও জানা গেছে, গিয়াস হাওলাদার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এবং তার বিমানের টিকিটও কাটা ছিল। দেশে ফেরার আগ মুহূর্তে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে, নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে এনে দাফনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।
© Deshchitro 2024