|
Date: 2026-04-11 16:25:27 |
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বর্তমানে তাকে সৈয়দপুর সিএমএইচ-এ প্রাথমিক চিকিৎসা দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে বিমানে এসে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার কথা ছিল তার।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এস এম বাহাউদ্দিন জাকারিয়া ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। বর্তমানে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্টের সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।
আব্দুল গফুর সরকার বলেন, সৈয়দপুর বিমানবন্দরে নামার পর রেস্টরুমে নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। সৈয়দপুর পৌঁছালে তাকে ঢাকায় নেওয়া হবে।
© Deshchitro 2024