|
Date: 2026-04-09 23:02:07 |
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, মোট ১২৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অন্যদিকে, বাসদ প্রার্থী মিজানুর রহমান (কাঁচি প্রতীক) পেয়েছেন মাত্র ৪৮০ ভোট।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে এই আসনেও নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়। পরে পুনঃতফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, কিছু বিচ্ছিন্ন কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
এই আসনে মোট ভোট পড়েছে ৫০ দশমিক ৫২ শতাংশ। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, ভোটগ্রহণে ভোটারদের অংশগ্রহণ সন্তোষজনক ছিল এবং ফলাফল গ্রহণযোগ্য পরিবেশেই সম্পন্ন হয়েছে।
© Deshchitro 2024