|
Date: 2026-04-09 22:20:52 |
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৬,৭৭২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনের মোট ১৫০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৫২৬ ভোট।
বগুড়া-৬ আসনটি বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। দলীয় প্রধান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হওয়ার পর তা ছেড়ে দিলে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা এই বিজয়কে গণতন্ত্রের বিজয় এবং তারেক রহমানের জনপ্রিয়তার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাত ১০টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে বিজয়ী প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
© Deshchitro 2024