শিক্ষার্থীদের ডিজিটাল সক্ষমতা বাড়াতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ ও মাল্টিমিডিয়া ক্লাসরুম কার্যক্রম চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 


তিনি বলেন, ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা হবে এবং ধীরে ধীরে পেপারলেস ও পেনলেস শিক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে সরকার।


মঙ্গলবার (৭ মার্চ) বরিশাল সার্কিট হাইজে অনুষ্ঠিত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন এ কথা বলেন।


তিনি বলেন, করোনাকালে অনলাইন শিক্ষার সূচনা হলেও প্রস্তুতির ঘাটতিতে কাঙ্ক্ষিত সুফল না মিললেও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন নতুনভাবে এগিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে অনলাইন-অফলাইন সমন্বিত (হাইব্রিড) শিক্ষা পদ্ধতি চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে। এ বিষয়ে অভিভাবকদের মতামত নেওয়া হচ্ছে।


তিনি বলেন, সড়কে যানজট কমানো ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বিবেচনায় রয়েছে। বর্তমানে দেশে প্রায় ৪৫ দিনের জ্বালানি মজুত রয়েছে এবং আরও মজুত নিশ্চিতের চেষ্টা চলছে। সরকারের এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।


জ্বালানি তেলের ওপর চাপ কমানো এবং ঢাকাসহ মহানগর এলাকার যানজট হ্রাসে করমুক্ত স্কুল বাস চালুর পরিকল্পনার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল–কলেজগামী শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট হলুদ রঙের বাস ও বিশেষ কোড ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ উদ্যোগ সফল হলে রাজধানীসহ মহানগর এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।


এর আগে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল আয়োজিত বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নত করতে পারলে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব। সে লক্ষ্যেই সরকার কাজ করছে। শিক্ষাখাতের ঘাটতি দূর করতে আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে প্রায় ১ দশমিক ৮০ শতাংশ।


বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন, শিক্ষাখাত অবহেলিত হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। “শিক্ষকদের প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই অর্থ পুনরুদ্ধারে সময় লাগবে।”


তিনি আরও জানান, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হচ্ছে।


এসএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরকে গুজব উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। “প্রশ্নপত্র ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে, তাই পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।”


শিক্ষাব্যবস্থায় অভিন্ন মানদণ্ড নিশ্চিত করতে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সভায় মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. তৌফিক আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বরিশাল নগর ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024