মানবতা, ন্যায়বিচার ও অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে মিরসরাইয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ আহবান জানান। শনিবার দুপুর ১২টায় উপজেলার মস্তানগর জামেয়া রহমানিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান বিশ্বে মানবতা, ধর্ম ও রাষ্ট্রব্যবস্থা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন মতবাদ ও স্বৈরতান্ত্রিক রাজনৈতিক শক্তির প্রভাবে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। সহিংসতা, বৈষম্য, দমন-পীড়ন, বাস্তুচ্যুতি ও সংঘাতের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, একক গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি এবং ধর্মের অপব্যাখ্যা সমাজে বিভাজন সৃষ্টি করছে। কিছু গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে মানবিক মূল্যবোধবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, যা প্রকৃত ধর্মীয় শিক্ষার পরিপন্থী। একইভাবে বস্তুবাদী ও একক জাতীয়তাবাদী চিন্তাধারাও মানবতার সার্বজনীন চেতনাকে দুর্বল করে দিচ্ছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, “আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে সকল ধর্ম, বর্ণ, ভাষা ও মতের মানুষের সমান অধিকার নিশ্চিত হবে। মানবতার ভিত্তিতে ন্যায় ও সাম্যের সমাজ গঠনই ইনসানিয়াত বিপ্লবের লক্ষ্য।”

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান ফাতেহা হায়াত, কেন্দ্রীয় নেতা আল্লামা আরেফ সারতাজ, আল্লামা আবরার চিশতি, আল্লামা রেজাউল কাওসার, মিরসরাই উপজেলা আহ্বায়ক রেজাউল করিম, আজাদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা। তারা সংগঠনের কার্যক্রম ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024