|
Date: 2026-03-30 16:08:12 |
মালয়েশিয়া থেকে আরও ২৭ হাজার ৩০০ টন পরিশোধিত ডিজেল আসছে বাংলাদেশে। ‘পিভিটি সোলানা’ নামের একটি অয়েল ট্যাংকার জাহাজ সোমবার (৩০ মার্চ) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।
বহির্নোঙরে অবস্থান করে অফিশিয়াল কার্যক্রম সম্পন্ন করে জাহাজটি মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বন্দরে বার্থিং করার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, মালয়েশিয়া থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে পিভিটি সোলানা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর অভিমুখে আসছে।
তিনি জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাইপলাইনে ৮ হাজার টন ডিজেল এসেছে। এ ছাড়াও ৩১ মার্চ আরেকটি ছোট চালান আসার কথা ছিল। কিন্তু অফিশিয়াল প্রক্রিয়াগত কারণে সেই জ্বালানি তেল আসবে আরও কয়েকদিন পর।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম খবরের কাগজকে বলেন, ‘গত ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এলএনজি, এলপিজি, ক্রুড অয়েল, গ্যাস অয়েল, বেস অয়েলসহ বিভিন্ন জ্বালানি নিয়ে ৩৩টি জাহাজ এসেছে। আজ পিভিটি সোলানা আসার কথা রয়েছে। আগামী ৪ এপ্রিল এলএনজি নিয়ে আরেকটি জাহাজ আসবে। এর আগে, গত ২৬ মার্চ ৩১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে আসা একটি জাহাজ খালাস করে ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে। বন্দর কর্তৃপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেলবাহী জাহাজ ভেড়ানো ও খালাসে সব ধরনের সহযোগিতা করছে।’
© Deshchitro 2024