মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলের পাচাররোধে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির একটি জরুরি সভা শনিবার (২৮ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। 

সভায় সকল ডিপো ও ফিলিং স্টেশনের মালিক, প্রতিনিধি এবং ভিজিল্যান্স কমিটির সকল সদস্য এবং বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তেলের স্বাভাবিক সাপ্লাই চেইন অব্যাহত রাখতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সম্মানিত উপজেলাবাসীকে জ্বালানি তেল ব্যাবহারে যথাসম্ভব সাশ্রয়ী হতে অনুরোধ জানানো হয়।

অন্যদিকে জেলার শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপোতে ছয়জন করে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রীমঙ্গল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বলেন, বিজিবি মোতায়েন করায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তিনি আরো জানান, তেলের তেমন কোনো ঘাটতি নেই, নিয়মিত সরবরাহ আসছে, তবে বিতরণে কিছুটা সময় লাগছে।

বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে জেলার তিনটি প্রধান তিনটি তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024