|
Date: 2026-03-28 18:45:09 |
সাতক্ষীরা জেলার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত বাহিনীর অন্যতম নেতা ইয়ার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকা থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরাটি গ্রামের একটি বাগান থেকে ব্যাগে রাখা অবস্থায় ককটেল দুটি উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক সদৃশ বস্তু দুটি জব্দ করে।
স্থানীয় বাসিন্দা মোতালেব গাজী জানান, তিনি সকালে নিজের বাগানে গরু-ছাগলের জন্য গাছের কচি ডাল সংগ্রহ করতে গিয়ে একটি চটের ব্যাগ দেখতে পান। সন্দেহ হওয়ায় ব্যাগটি পরীক্ষা করে তিনি বোমা সদৃশ দুটি বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য জামাল ফারুককে জানান। ইউপি সদস্য তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে দুপুরের দিকে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ককটেল দুটি উদ্ধার করে।
এ বিষয়ে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব হাসান জানান, গ্রেপ্তারকৃত শীর্ষ সন্ত্রাসী ইয়ার আলীর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতেই ককটেল দুটি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের বিস্ফোরক উদ্ধার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাতে কালিগঞ্জে যৌথ অভিযান চালিয়ে র্যাব-৬ ও পুলিশের একটি দল ইয়ার আলীকে গ্রেপ্তার করে। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দলের নেতৃত্ব দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ওয়াকিটকি এবং কিছু পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ বলছে, ইয়ার আলীর গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এলাকায় আরও অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
© Deshchitro 2024