শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের ঐতিহ্যবাহী ঘাগড়া মন্ডলপাড়া এলাকায় নবনির্মিত “আলহাজ্ব কেফায়েতুল্লাহ মন্ডল ঈদগাহ ময়দান”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬) সকালে ঘাগড়া মন্ডলপাড়া জামে মসজিদের সম্মুখে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়।


আলহাজ্ব কেফায়েতুল্লাহ মন্ডল ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক আলহাজ্ব ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আলহাজ্ব আব্দুল হালিম মন্ডল ও আলহাজ্ব আব্দুল জলিল মন্ডল উক্ত ঈদগাহ ময়দানের শুভ উদ্বোধন করেন। 


উদ্বোধন শেষে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


উল্লেখ্য, ঈদগাহ ময়দানের জন্য জমিটি ওয়াকফ করেন অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলামের মরহুমা মাতা আলহাজ্ব মোছাম্মৎ সুলেমা খাতুন, যা এলাকাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অবকাঠামো হিসেবে বিবেচিত হয়েছে।


অনুষ্ঠানে ঘাগড়া দক্ষিণপাড়া এফ. রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এলাকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঘাগড়া মন্ডলপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাসুম, আতাউর রহমান আতা, রুমান তালুকদার এবং ঢাকা উত্তরা টেলেন্ট প্রিপারেটরি স্কুলের অধ্যক্ষ আব্দুল কাদের জিলানীসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান।


স্থানীয়দের মতে, নতুন এই ঈদগাহ ময়দান প্রতিষ্ঠার ফলে এলাকার ধর্মীয় কার্যক্রম আরও সুসংগঠিত ও সুন্দরভাবে পরিচালিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024