|
Date: 2026-03-18 18:26:00 |
বন্ধুত্ব এমন এক বন্ধন, যা সময়ের ব্যবধানেও ম্লান হয় না; বরং প্রতিটি পুনর্মিলনে নতুন করে প্রাণ ফিরে পায়”—এই মর্মস্পর্শী বাণীকে ধারণ করেই মাদারীপুরের শিবচরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠান।
মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের এসএসসি ব্যাচ ২০০৭-এর উদ্যোগে বুধবার (২৮ রমজান) বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। এতে অংশ নেন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা, যারা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন।
সকাল থেকেই ইফতারের প্রস্তুতি, প্যান্ডেল নির্মাণ, বাজার করা ও রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকলেও অংশগ্রহণকারীদের মাঝে ছিল এক অনাবিল আনন্দ ও প্রশান্তির আবহ। পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ ইফতার মাহফিল একদিকে যেমন ধর্মীয় ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ ছিল, অন্যদিকে তা রূপ নেয় প্রাণবন্ত এক পুনর্মিলনীতে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। পরে দোয়া মাহফিলে প্রাক্তন শিক্ষক, সহপাঠী এবং দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়। ইফতারের আগে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং স্কুল জীবনের নানা স্মৃতি তুলে ধরেন, যা উপস্থিত সবাইকে ফিরিয়ে নিয়ে যায় সেই সোনালি দিনগুলোতে।
ইফতারের পর অংশগ্রহণকারীরা কুশল বিনিময়, ছবি তোলা এবং আড্ডার মাধ্যমে উপভোগ করেন আনন্দঘন সময়। দীর্ঘদিন পর এমন মিলনমেলা সবার হৃদয়ে সৃষ্টি করে এক আবেগঘন অনুভূতি।
এদিকে একই দিনে বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থানে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীরাও ছোট-বড় পরিসরে নিজেদের মধ্যে ইফতার ও পুনর্মিলনী আয়োজন করেন। ফলে পুরো নন্দকুমার মাঠজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। বহু বছর পর প্রিয় ক্যাম্পাসে ফিরে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, প্রতিবছর ঈদের ছুটিকে কেন্দ্র করে এই দিনেই এমন আয়োজন করা হয়, যাতে সবাই সহজেই অংশ নিতে পারেন। তাদের মতে, এ দিনটি যেন ফিরিয়ে আনে স্কুল জীবনের সেই সোনালি স্মৃতিগুলো।
আয়োজকরা জানান, বন্ধুত্বের এই বন্ধন অটুট রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়।
© Deshchitro 2024